একাত্তরের
মানবতাবিরোধী অপরাধের দায়ে
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম
আলীর সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে কারা
কর্তৃপক্ষ। শনিবার ( ৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে
৩টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মীর
কাসেমের সঙ্গে তার পরিবার দেখা করবে। তবে
ফাঁসি কার্যকর হওয়ার আগে এটি শেষ দেখা কিনা
এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মীর
কাসেম আলীর পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা
করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
কাসেমের মেয়ে সুমাইয়া রাবেয়া শনিবার সকালে
বলেন, “আমাদেরকে বিকাল সাড়ে ৩টায় কাশিমপুর
কারাগারে যেতে বলা হয়েছে।” জামায়াতের
অর্থের যোগানদাতা হিসেবে পরিচিত কাসেম
শুক্রবার প্রাণভিক্ষা না চাওয়ার সিদ্ধান্ত
জানিয়ে দেওয়ায় তার ফাঁসি কার্যকর করতে এখন
কেবল সরকারের সিদ্ধান্তের অপেক্ষা। নিয়ম
অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের আগে আসামির সঙ্গে
শেষবার দেখা করতে দেওয়া হয় পরিবারের
সদস্যদের। মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রামের ত্রাস
কাসেমকে কখন, কোথায় ফাঁসিতে ঝোলানো হবে,
সে বিষয়ে সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক
কোনো ঘোষণা শনিবার সকাল পর্যন্ত আসেনি।
তাবে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, সব
প্রস্তুতিই নিয়ে রেখেছে তারা। কাশিমপুর
কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার
বণিক বলেন, “সরকারি আদেশ বাস্তাবায়নে কারা
কর্তৃপক্ষ সব সময়ই প্রস্তুত আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের
নির্দেশনা অনুযায়ীই ফাঁসি কার্যকর করা হবে।”
জামায়াতের মজলিসে শুরা সদস্য মীর কাসেমকে
একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে ২০১৪ সালে মৃত্যুদণ্ড
দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চলতি বছর
মার্চে আপিল বিভাগেও সেই রায় বহাল থাকায়
তিনি রিভিউ আবেদন করেন। আপিল বিভাগ গত
মঙ্গলবার রিভিউ আবেদন খারিজ করে দিলে
কাসেমের মামলার সব বিচারিক প্রক্রিয়ার
পরিসমাপ্তি ঘটে। কাশিমপুর কারাগার-২ এর জেল
সুপার প্রশান্ত কুমার বণিক শুক্রবার জানান, মীর
কাসেম রাষ্ট্রপতির কাছে প্রণভিক্ষা চাইবেন না
বলে জানিয়েছেন। এরপর শুক্রবার বিকাল থেকেই
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বাইরে নিরাপত্তা
জোরদার করা হয়। টহল জোরদারের পাশাপাশি
বসানো হয় চেকপোস্ট। মীর কাসেমের ফাঁসির দণ্ড
কার্যকর করতে প্রাথমিক মহড়া দেওয়ার পাশাপাশি
সব প্রস্তুতিই নেওয়া হয়েছে বলে কারাগারের
একজন কর্মকর্তা জানান। তেষট্টি বছর বয়সী মীর
কাসেম হলেন ষষ্ঠ যুদ্ধাপরাধী, যার সর্বোচ্চ সাজার
রায় কার্যকরের পর্যায়ে এসেছে।

No comments:
Post a Comment